আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোটসহ নারী-পুরুষ আটক
সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট) রাতে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট—মোট ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সানজিদা আক্তার তন্নী (২৬) এবং সাদ্দাম হোসেন (২৮)কে আটক করা হয়।
আটক সানজিদা আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে এবং সাদ্দাম হোসেন ডেন্ডাবর নতুন পাড়ার জাফর খানের ছেলে।
এসআই জসিম উদ্দিন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তারা আশুলিয়ায় ভাড়ায় বসবাস করে এ কার্যক্রম চালাত। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।