ভালুকায় ৪৪০ ভোল্টের তারে আটকা শালিক পাখি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনে আটকে পড়েছিল একটি শালিক পাখি। প্রাণ বাঁচাতে বারবার ডানা ঝাপটানোর সেই দৃশ্য স্থানীয়দের চোখে পড়ে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) ভালুকা বাসস্ট্যান্ড মসজিদের কাছে। শালিকটি উড়ে যাওয়ার চেষ্টা করলেও মুক্ত হতে পারছিল না। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
পরদিন বুধবার (২৭ আগস্ট) বিকেলে খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্যাহ আল মাহমুদের দৃষ্টিগোচর হয়। তিনি দ্রুত ফায়ার সার্ভিসকে জানান। বিকেল সাড়ে ৩টার দিকে ভালুকা ফায়ার সার্ভিস, স্থানীয় বিদ্যুৎ বিভাগের সহায়তায় পাখিটিকে নিরাপদে উদ্ধার করে উন্মুক্ত আকাশে ছেড়ে দেয়। মুক্তি পেয়ে শালিকটি সঙ্গে সঙ্গে উড়ে যায়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, “ইউএনও মহোদয় বিকেল ৩টা ২০ মিনিটে আমাদের জানান। এর কয়েক মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় পাখিটিকে উদ্ধার করতে সক্ষম হই।”
ইউএনও হাসান আব্দুল্যাহ আল মাহমুদ বলেন, “বিদ্যুৎ লাইনে পাখি আটকে থাকার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানাই। পরে তারা দ্রুত পাখিটিকে উদ্ধার করে।