শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি

হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি

favicon
অনলাইন সংস্করণ
হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বার বার জেলে গিয়েছি। হামলা-মামলা-নির্যাতন, এমনকি বাড়িতেও হামলা হয়েছে। যতবার প্রতিবাদ করেছি, ততবার গ্রেপ্তার হয়েছি। কিন্তু কখনো ভয় পাইনি, কখনো হাসিনার কাছে মাথা নত করিনি।”


বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ১২ বছর পর লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে।


এ্যানি আরও বলেন, “১৭ বছর আন্দোলন সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সাজাতে পারিনি। আমি দায়িত্ব নেওয়ার সময় পুরো জেলায়, বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটে অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। পৌরসভাটি রক্তাক্ত হয়েছিল, তবুও আমরা কাউকে ছেড়ে যাইনি।”


তিনি অভিযোগ করেন, বহু এসপি-ডিসির রক্তচক্ষু এবং গডফাদার তাহের বাহিনীর ভীতি দেখানো সত্ত্বেও তারা মাথা উঁচু করে নেতৃত্ব দিয়েছেন।


লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


১২ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনের আগে ২০২২ সালের ২৯ অক্টোবর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।