ভারত থেকে ফেরত এলো ১৫ বাংলাদেশি নাগরিক
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে। তারা সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটকদের মধ্যে রয়েছেন— সেকেন্দার হোসেন (৩৩), আব্দুল্লা গাজী (৩৮), ঝর্ণা খাতুন (৩৮), রুহুল আমিন (৪০), তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭), নাজমা বিবি (৩৩) ও তার সন্তান মাহেরা (৬), মিনা (১৩), নাইম (১৬), মর্জিনা বেগম (৪৪) ও মেয়ে হাসিনা (১০), মাফুজা খাতুন (৩৪) ও তার সন্তান তানিয়া (১০) ও মাফুজ (২)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, বিএসএফের হাতে আটক হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বৈধ অভিভাবকের জিম্মায় তাদের হস্তান্তর করা হবে।