শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের

ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের

favicon
অনলাইন সংস্করণ
ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের

গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা, তথাকথিত ‘জাপা সন্ত্রাসীদের’ তাণ্ডব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কিছু ব্যক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম নেতৃত্ব ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।


শুক্রবার (২৯ আগস্ট) রাতে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন—ভিপি নুরের ওপর এই কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও দেশপ্রেমিক জনতার কণ্ঠরোধের একটি ঘৃণ্য প্রয়াস।


তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি রাজনৈতিক দলের প্রধানের ওপর এমন হামলা গোটা জাতির জন্য গভীর উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করছে। হামলায় জড়িত জাপা সন্ত্রাসী, সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আওয়ামী দোসরদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।


বিবৃতিতে আহত ভিপি নুরসহ সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করে বলা হয়—বাংলাদেশের জনগণ আর কোনো অন্যায়-জুলুম বরদাশত করবে না। দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এ সন্ত্রাস, ষড়যন্ত্র ও দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


খেলাফত মজলিসের নেতারা অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ভর করে আওয়ামী ফ্যাসিবাদ দেশে পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের নীলনকশায় ভেতরে ভেতরে কারো কারো ইন্ধন ও প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে—এমন দৃঢ় ধারণা ইতিমধ্যে জনমনে তৈরি হয়েছে।


তারা সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের দুঃসাহসী চক্রান্তের পরিণতি ভয়াবহ হবে এবং জনবিক্ষোভের মুখে এর দায় কেউ এড়াতে পারবে না।