সাতক্ষীরায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শহরের সংগীতা মোড় থেকে ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন।
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা নিউ মার্কেট মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ইমরান হোসেন, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানসহ আরও অনেকে।
বিক্ষোভকারীরা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিকে আবারও একত্রিত হওয়ার বিকল্প নেই। জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।