সংবিধান সংশোধন সংসদেই হবে, নতুন সংবিধান নয়: মির্জা ফখরুল
রাজনীতির মাঠে নানা উত্তাপের মধ্যেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিষ্কার অবস্থান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর (সংখ্যানুপাতিক) নির্বাচনসহ যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি, তার সিদ্ধান্ত পরবর্তী সংসদ নেবে।
ফখরুল বলেন, “যেকোনো কিছু করতে হলে আগে সংসদে যেতে হবে। সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।”
গণপরিষদ বা নতুন সংবিধানের দাবিও নাকচ করেন তিনি। “বিদ্যমান সংবিধান অনুযায়ীই সবকিছু হবে। প্রয়োজনে এর ভুলত্রুটি সংশোধন করা যেতে পারে। কিন্তু নতুন সংবিধান আমরা গ্রহণ করবো না। বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত।”
সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “সংস্কার আমাদের সন্তান। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি। তাই সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আপসের সুযোগ নেই। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন হোক, আর বাকি বিষয় সংসদের হাতে যাক।”
আগামী নির্বাচনে অনিশ্চয়তা নেই বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। জামায়াত, ইসলামী আন্দোলন বা এনসিপির বক্তব্যেও তিনি তেমন কোনো সন্দেহ দেখছেন না। তার ভাষায়, “নির্বাচন যথাসময়ে হবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক উত্তরণ বিলম্বিত হবে—এটা সবাই বোঝে।”
নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, “নির্বাচনী প্রচারণা সবার আগে জামায়াত শুরু করেছে। অতীত অভিজ্ঞতা থেকে বলছি, ভোটে সব দলই অংশ নেবে।”