নেত্রকোনায় সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন নিহত
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটে শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে।
নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক। মরদেহগুলো নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য দৌজাহান মেম্বার ঘটনাস্থলেই নিহত হন। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। আহতদের হাসপাতালে ভর্তি করার পর রবিবার (৩১ আগস্ট) ভোরে ও সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।