শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: জামায়াত প্রার্থী শামীম সাঈদী

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: জামায়াত প্রার্থী শামীম সাঈদী

favicon
অনলাইন সংস্করণ
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: জামায়াত প্রার্থী শামীম সাঈদী

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামীম সাঈদী। তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হকের ওপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলা প্রমাণ করে দেশে বর্তমানে কোনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই।


শনিবার (৩১ আগস্ট) মাগরিবের নামাজের পর নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


শামীম সাঈদী বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি আমাদের প্রধান দাবি। শুধু জামায়াত নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলও এ দাবি জানাচ্ছে। এখন এটা নির্বাচন কমিশনের বিষয়।”


তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে জামায়াতের সাত দফা দাবি রয়েছে। এর প্রথম দফাই হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। তাই পিআর পদ্ধতি ছাড়া আপাতত কোনো নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই ওঠে না।


এর আগে উপজেলার একটি কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অংশ নেন শামীম সাঈদী। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম আজাদ।