চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) রমিজ উদ্দিন জানান, নিহত মনির পেশায় কাচমিস্ত্রি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তিনি স্ত্রীসহ হিলভিউ এলাকার বার্মা কলোনিতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
শনিবার রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত মনিরের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিদের আটকের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।