বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশদক্ষিণখানে পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

দক্ষিণখানে পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণখানে পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে পরকীয়া সন্দেহে স্ত্রী আকলিমা বেগমকে (৩৩) এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছেন তার স্বামী মাসুদ আলম (৪৩)। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ান বাড়ি পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


দক্ষিণ খান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় ধস্তাধস্তিতে মাসুদের হাত কেটে যায়। পরে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তিনি আরও জানান, আট বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন মাসুদ ও আকলিমা। এটি ছিল তাদের উভয়েরই দ্বিতীয় বিয়ে। আকলিমার প্রথম সংসারে একটি সন্তান ছিল। বিয়ের পর কিছুদিন সংসার করার পর মাসুদ দুবাই যান, আর আকলিমা ঢাকায় একটি কাপড়ের দোকান চালাতেন। এ সময় মাসুদ সন্দেহ করেন, তার স্ত্রী আরেকজনের সঙ্গে পরকীয়া ও গোপনে বিয়ে করেছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ছয় মাস আগে দুবাই থেকে দেশে ফেরেন মাসুদ এবং এরপর তারা আলাদা হয়ে থাকতেন।


সোমবার রাতে স্ত্রীর ভাড়া বাসায় গিয়ে মাসুদ আকলিমার সঙ্গে ঝগড়া শুরু করেন। আকলিমা নিজেকে বাঁচাতে বাড়ির মালিকের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করলে স্বামী তাকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাসুদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।


গুরুতর আহত অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে আকলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।