চাঁদপুরের চার উপজেলায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চাঁদপুর জেলার কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহের লাইনের কুমিল্লার লাকসাম মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল এবং ইতোমধ্যে স্থানীয়ভাবে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।