ভয়াবহ ভূমিকম্পে কুনারে ৯০০ নিহত, আহত ৩ হাজারের বেশি
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের কুনার প্রদেশ। রবিবার আঘাত হানা ৬.০ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে গেছে। পাহাড়ঘেরা প্রত্যন্ত গ্রামগুলোতে কাদা ও পাথরের ঘরবাড়ি ধসে পড়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তবে দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে চরম ভোগান্তি হচ্ছে।
ভূমিকম্পটি ছিল অগভীর, মাত্র ছয় মাইল গভীরে উৎপন্ন হয়। এ ধরনের অগভীর ভূমিকম্প সাধারণত সবচেয়ে বেশি ধ্বংস ডেকে আনে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা তিন হাজার পেরিয়েছে। আরও আশঙ্কা করা হচ্ছে, উদ্ধার দলগুলো বিচ্ছিন্ন গ্রামগুলোতে পৌঁছালে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
কাবুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, ভূমিকম্পে অসংখ্য মানুষ তাদের প্রিয়জন ও ঘরবাড়ি হারিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তা চেয়েছেন।