নারী অবমাননাকর মন্তব্যে রাজশাহী ছাত্রদল সহসভাপতি বহিষ্কার, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ আখ্যা দেওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ছাত্রদলের শাহ মখ্দুম হল শাখার বহিষ্কৃত সহসভাপতি মো. আনিছুর রহমান মিলনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বাদী হয়ে মতিহার থানায় এ মামলা করেন।
এজাহারে বলা হয়, গত ২ সেপ্টেম্বর প্রভোস্ট কর্তৃক শিক্ষার্থী তলবের প্রতিবাদে ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন আনিছুর রহমান মিলন। সেখানে তিনি অশালীন, কুরুচিপূর্ণ ও নারী অবমাননাকর মন্তব্য করেন।
ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল তদন্ত কমিটি গঠন করে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মিলন সন্তোষজনক জবাব না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন। তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ছাত্রদল নারীর অধিকার ও সম্মান রক্ষায় বদ্ধপরিকর। নারী নেত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মিলনকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।