খুলনায় স্বামীর দায়ের কোপে গৃহবধূ নিহত
খুলনায় স্বামীর দায়ের কোপে পারভিন বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার রূপসা উপজেলার যুগীহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামীর নাম পলাশ শেখ। পারভিনের পরিবারের সদস্যরা জানান, বেলা ১২টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন।
প্রতিবেশীরা আহত অবস্থায় পারভিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৩টার দিকে তিনি মারা যান।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।