সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার মেঘনা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটুকে গ্রেফতারের জন্য দুপুরে বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালায় মেঘনা থানা পুলিশ।
অভিযানকালে মহসিনকে গ্রেফতার করলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। এ সময় একটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।