শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › নুরের ওপর হামলার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সমাবেশ

নুরের ওপর হামলার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সমাবেশ

favicon
অনলাইন সংস্করণ
নুরের ওপর হামলার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সমাবেশ

দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করবে গণ অধিকার পরিষদ।


দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনের সময় পুলিশ ও সেনা সদস্যরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুরও করা হয়। এতে শতাধিক নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সরকারের পক্ষ থেকে বিচার প্রক্রিয়ার আশ্বাস দেওয়া হলেও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে উদ্বেগ জানিয়েছে দলটি।


গণ অধিকার পরিষদ দাবি করেছে, নুরুল হক নুর জুলাই অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রাখলেও তার ওপর এই হামলা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি শুধু গণ অধিকার পরিষদের বিরুদ্ধে নয়, বরং গোটা জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত।


তাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্রের ফলেই এই হামলা ঘটেছে। এর মাধ্যমে নতুন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্ত চলছে।


এ পরিস্থিতিতে হামলাকারীদের দ্রুত বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বিকেলে শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ।