ডাকসু ভিপি প্রার্থী কাদেরের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদল সভাপতির
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কাদের লিখেন,
“আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।”
তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি কাদেরের পাশে থাকার অঙ্গীকার করে লেখেন,
“কাদের, তোমাকে কথা দিচ্ছি—রাজাকার, আল বদর, আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাআল্লাহ। আলবটর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র এখন উন্মোচিত।”
তিনি আরও অভিযোগ করেন, সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মীরা শুধু সচেতন নারীনেতৃত্ব নয়, বিরোধী মতাদর্শের সবার ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চালাচ্ছে। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
রাকিবুল ইসলাম বলেন, “সময় মতো অপরাধীদের বিচার নিশ্চিত হবেই। যারা আলবটর বাহিনীর নামে তরুণ প্রজন্মকে ইসলামের নৈতিকতা শেখানোর দাবি করে, তাদের আসল রূপ ছাত্রসমাজ প্রতিনিয়ত প্রত্যক্ষ করছে।”