ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এর প্রতিবাদে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ শুরু করেন তারা। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দু’পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গার মানুষের স্বার্থ ও ইতিহাস উপেক্ষা করে দুই ইউনিয়নকে অন্য আসনে সংযুক্ত করা হয়েছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন বলেন, “সরকারি সিদ্ধান্ত অন্যায্য। দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়ে ইতোমধ্যে ডিসির সঙ্গে আলোচনা হয়েছে। তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন।
এর আগে, গতকাল নির্বাচন কমিশন থেকে সীমানা পরিবর্তনের গেজেট প্রকাশ করা হয়।