লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে আখড়ার প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হয় বলে নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ীর একটি মাজারে হামলাসহ সাম্প্রতিক কিছু ঘটনার কারণে জেলায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আখড়ায় দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেন জানান, রাজবাড়ীর ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের এখানে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, কিছু ইস্যু মাথায় রেখে জেলায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।