কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে মরদেহটি পাওয়া যায়। নিহত লিটন মিয়া ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মসজিদের পাশে ধানক্ষেতে লিটনের জবাই করা মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এলাকার বাসিন্দাদের দাবি, লিটনের সঙ্গে অনেকের দ্বন্দ্ব ছিল। তিনি এলাকায় চুরি-সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “ঘটনাটি শোনার পর সরেজমিনে গিয়ে দেখি মরদেহ উদ্ধার করা হচ্ছে।”
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।