বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশবেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী–ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে ইমন (২৪) এবং একই গ্রামের আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)।

রিফাতের বড় ভাই রাকিব জানান, সকালে ইমন ও রিফাত মোটরসাইকেলযোগে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করার জন্য চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। পথে সরুগো পোল এলাকায় পৌঁছালে চৌমুহনীগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আর ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান রিফাত।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।