অনলাইন জুয়ার ফাঁদে তরুণের মৃত্যু রংপুরে
রংপুরের কাউনিয়ায় অনলাইন জুয়ার আসক্তির কারণে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অনলাইনে জুয়া খেলে অর্থ হারানোর পর কীটনাশক পান করে প্রাণ হারিয়েছেন আসিফ আলী (২০)।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আসিফ। তিনি উপজেলার বালাপাড়া শান্ত বাজার এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই ব্রজ গোপাল কর্মকার) জানান, আসিফ দীর্ঘদিন ধরে গোপনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে খেলতেন। সম্প্রতি তিনি বাবার কাছ থেকে ধার শোধের জন্য ১৬ হাজার ৫০০ টাকা নিলেও তা ঋণ পরিশোধে ব্যবহার না করে আবারও জুয়ায় হারান। এতে হতাশ হয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঞ্জোর ভাঙ্গা এলাকার তিস্তা নদীর ধারে কীটনাশক সেবন করেন।
স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবার আবেদনের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই ব্রজ গোপাল কর্মকার।