জামালপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা
জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আলম মেডিক্যাল হলে ওষুধের মূল্য তালিকা না রাখার অভিযোগে ৩ হাজার টাকা এবং সিটি মেডিক্যাল হলে নকল শ্যাম্পু বিক্রি ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী প্রদর্শনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ, ব্যবসায়ীদের সতর্ক করা এবং ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, দুই ফার্মেসিকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।