আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শ্রীপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলার বিষয়কে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।
এ সময় ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের অফিসে ভাঙচুর করা হয়। তবে এ বিষয়ে ভিন্ন দাবি উঠে—একটি পক্ষ বলছে সেখানে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। কিন্তু আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া বলেন, ওই এলাকায় বিএনপির কোনো অফিস নেই।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।