টেকনাফে পাহাড়ি আস্তানা থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ জন নারী ও ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে অনেকে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক।
কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় তাদের আটকে রাখা হয়েছিল।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে কোস্ট গার্ড।