রদ্রিগো বললেন, ক্লাব ছাড়ার কোনো পরিকল্পনা নেই
পুরো গ্রীষ্ম জুড়ে স্থানান্তরের গুঞ্জন নিয়ে মজা করেছেন রদ্রিগো। প্রায় প্রতি সপ্তাহেই নতুন কোনো ক্লাবের সঙ্গে তার নাম জড়ালেও তিনি জানিয়েছেন, এখনো রিয়াল মাদ্রিদেই খুশি তিনি।
গত মৌসুমের শেষ দিকে শুরুর একাদশ থেকে বাদ পড়ায় আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও টটেনহামের সঙ্গে তার সম্ভাব্য গন্তব্য নিয়ে আলোচনা চলতে থাকে। ক্লাব বিশ্বকাপে কোচ জাবি আলোনসোর তাকে কম ব্যবহার করায় সেই গুঞ্জন আরও বেড়ে যায়।
তবে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন,
“প্রতি বছরই শোনা যায় আমি নাকি ক্লাব ছাড়ছি। এ বছর তো প্রতি সপ্তাহেই আমাকে ভিন্ন দলে পাঠানো হচ্ছিল! আমি মজা করে বাবা-মা ও বন্ধুদের বলতাম, আজ আমি এই দলে, কাল ওই দলে। কিন্তু এগুলো আমাকে একদমই প্রভাবিত করেনি। আমি জানতাম, আমি এখানেই থাকব।”
রদ্রিগো আরও বলেন, “আমি ছুটি উপভোগ করেছি, অনুশীলন করেছি। রিয়াল মাদ্রিদই আমার ঘর, এখানে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল। যতদিন এই জার্সি গায়ে থাকবে, আমি সর্বোচ্চটা দিয়ে যাব।”
নতুন মৌসুমে আলোনসো ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় তাকে বাম দিকেও ব্যবহার করছেন। মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোলের পেনাল্টি আদায় করিয়ে তিনি নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। রদ্রিগো বলেন,
“কোচ অনেক পরিবর্তন করছেন, প্রতিটি ম্যাচেই নতুন কৌশল ব্যবহার করছেন। মৌসুমের শুরুতে আমাকে বাম দিকে রেখেছিলেন, তবে সবাই জানে আমি ডান দিক বা ভেতরেও খেলতে পারি, যেমন আগে সবসময় করেছি।