ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলা: সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৫ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগে ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক কামরুলের ১০ দিনের রিমান্ড এবং সোলায়মানকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামি কামরুলের পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী মনির। সেসময় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।