চুয়াডাঙ্গায় ভারতীয় রুপার গয়না উদ্ধার, পরিবহন সুপারভাইজার আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাঁচ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গয়না উদ্ধারসহ মুনতান আলি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মুনতান কার্পাসডাঙ্গা বাজারপাড়ার বজলুর রশিদের ছেলে ও সাথী পরিবহনের সুপারভাইজার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মুনতানের বাড়ির উঠানে রাখা মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে বিশেষভাবে লুকানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রুপার ওই গয়নাগুলো পাওয়া যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ভারতীয় রুপার গয়না। এগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।