আনোয়ারায় ৩০৫ পূজামণ্ডপে ১৫৩ মেট্রিক টন চাল বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৩০৫টি পূজামণ্ডপে মোট ১৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। প্রতিটি মণ্ডপে গড়ে প্রায় ৫০০ কেজি চাল করে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চালের ডেলিভারি অর্ডার (ডিও) হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সবসময় ধর্মীয় সম্প্রদায়ের পাশে রয়েছে। পূজামণ্ডপগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধরসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।