বেতন বৃদ্ধিতে দ্বিমতের জেরে বাস ধর্মঘট, দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার চলাচল
বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের, পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাস কাউন্টারগুলো থেকে ধর্মঘটের ঘোষণা দেন মালিকপক্ষ। এর আগে পরিবহন শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিলেন।
পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিকদের বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয় এবং ২৫ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে সেই বেতন কার্যকর করতে মালিকদের আপত্তি ওঠে। আর এ অবস্থায় ধর্মঘটের ডাক দেন তারা।