ফরিদপুরে এনসিপি নেতা হাসিবুর রহমান অপুর বাবার ওপর সন্ত্রাসী হামলা
ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও ফরিদপুর-১ আসনের এমপি মনোনয়নপ্রত্যাশী হাসিবুর রহমান অপুর বাবার ওপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপুর ছোট চাচা আজিজুর রহমান ঠাকুর বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামে।
মামলার এজাহার অনুযায়ী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ঠাকুরের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় একই গ্রামের ছিরু শেখ, তার ছেলে সজিব শেখ, জুয়েল শেখ, তানভীর গাজীসহ ১০-১২ জন দুর্বৃত্ত। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে হাবিবুর রহমান পায়ে গুরুতর জখম হন। পরে বাঁশ ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
তার স্ত্রী ফরিদা বেগম স্বামীকে বাঁচাতে গেলে তাকে লাঞ্ছিত করে গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একই সময় অপুর বসতবাড়ি ভাঙচুর করে মূল্যবান সামগ্রী, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট করার অভিযোগ ওঠে।
বাদী আজিজুর রহমান দাবি করেছেন, জুলাই আন্দোলনের সময় থেকেই প্রতিপক্ষ মহল তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। অপুর সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করার পর হামলা ও হুমকি আবারও বেড়ে যায়।
আহত হাবিবুর রহমান ঠাকুর বলেন, “আমি সারাজীবন পুলিশের চাকরি করেছি, কারো ক্ষতি করিনি। আমার ছেলে জুলাই বিপ্লবের পর থেকেই প্রতিপক্ষের টার্গেটে রয়েছে। এ ঘটনার মাধ্যমে তারা আমাদের দমন করতে চাইছে।”
এনসিপি নেতা হাসিবুর রহমান অপু অভিযোগ করেন, নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তার বাবার ওপর এ হামলা চালিয়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।