চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সাবেক সমন্বয়ক সাইফুল রাব্বিসহ ৫ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাদের রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন।
আসামিদের আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মাসুদ রানা ও সুমন পারভেজ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। আদালত আবেদন শুনানি না করে আসামিদের কারাগারে পাঠান এবং মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেন।
এর আগে সোমবার সকালেই আফরুজা শিল্পী বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ সাইফুল ইসলাম রাব্বি ও অন্যদের গ্রেপ্তার করে।