গফরগাঁওয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর, দুষ্কৃতকারীদের দায়ী করছে স্থানীয়রা
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দর্গাতলী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাজারের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে প্রবেশ করে আসবাবপত্রসহ ভেতরের সামগ্রী ভাঙচুর করে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দায়ী করেছেন।
খবর পেয়ে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপনসহ অন্যান্য নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি ছিদ্দিকুর রহমান বলেন, “স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে অফিস ভাঙচুরের খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, “ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।