হালান্ডের জোড়া গোলও বাঁচাতে পারল না সিটি, মোনাকোর মাঠে ড্র
চ্যাম্পিয়নস লিগে বুধবার (১ অক্টোবর) রাতের ম্যাচে আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলেও জয় পাওয়া হলো না ম্যানচেস্টার সিটির। দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত মোনাকোর মাঠ থেকে ২–২ গোলের ড্র নিয়েই ফিরতে হলো ইংলিশ জায়ান্টদের।
ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করে সিটিকে এগিয়ে নেন হালান্ড। তবে মাত্র চার মিনিট পরই জর্ডান তেজের গোলে সমতায় ফেরে মোনাকো। বিরতির আগে আবারও জালের দেখা পান হালান্ড, কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হয় সিটি। যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় মোনাকো, যা থেকে এরিক ডায়ার গোল করে ম্যাচটিকে ড্রয়ে শেষ করেন।
অন্যদিকে, ঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে হারিয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে আর্সেনাল। ম্যাচের ১২ মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় গানার্সরা। আক্রমণাত্মক খেলা চালালেও ব্যবধান বাড়াতে সময় লেগে যায়। যোগ করা সময়ে বদলি হিসেবে নামা বুকায়ো সাকা গোল করলে ২–০ ব্যবধানের জয় নিশ্চিত হয় লন্ডনের দলটির।
এদিকে, ম্যানচেস্টার সিটি থেকে নাপোলিতে যোগ দেওয়া বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা দেখালেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। ম্যাচের ৩৬ মিনিটে তার নিখুঁত পাস থেকে গোল করেন রাসমুন হইলুন্দ। তবে ৬২ মিনিটে স্পোর্তিং লিসবনের লুইস সুয়ারেজ পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরেন। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে আবারও হইলুন্দকে দিয়ে গোল করান ডি ব্রুইনা। সেই গোলেই নাপোলি নিশ্চিত করে ২–১ ব্যবধানের জয়।