কেনিয়াকে উড়িয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে দাপুটে জয়ে কেনিয়াকে বিদায় করে বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে। হারারেতে নিজেদের মাঠে বৃহস্পতিবার কেনিয়াকে ৭ উইকেটে হারায় রাজা-টেলর-বেনেট-বার্লরা।
টস জিতে ব্যাট করতে নেমে কেনিয়া ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১২২ রান। দলের পক্ষে রাকেপ প্যাটেল একাই লড়াই করেন—তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রানের ইনিংস।
তবে ১২৩ রানের লক্ষ্য জিম্বাবুয়ের কাছে ছিল খুবই সহজ। ব্রায়ান বেনেট মাত্র ২৫ বলে খেলেন ঝড়ো ৫১ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৫ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এই জয়ে ২০২২ সালের পর আবারও বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা খেলতে পারেনি। সেবারের বাছাইয়ের ফাইনাল রাউন্ডে নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল।
কিন্তু এবার বিশ্বকাপে ফেরার আনন্দে ভাসলেও বিপরীতে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ল কেনিয়া। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো দলটি ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর আর কখনো মূল আসরে জায়গা করতে পারেনি। এবারও সুযোগ হাতছাড়া হলো তাদের।