গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে অংশ নেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা। মিছিল শুরুর আগে মসজিদের উত্তর পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা ফ্লোটিলা নৌবহরে হামলার তীব্র নিন্দা জানান।
বিক্ষোভ ঘিরে সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়।
এদিকে গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকা জানায়, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।