জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক সহাবস্থান: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মতের অমিল ও রাজনৈতিক দর্শন আলাদা হলেও বাংলাদেশ প্রশ্নে সব রাজনৈতিক দল এক অভিন্ন অবস্থানে রয়েছে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা তার প্রমাণ—যা বিশ্ব মঞ্চও প্রত্যক্ষ করেছে।
যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের সফরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন। সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।
আখতার হোসেন জানান, নিউইয়র্কে যাওয়ার পর কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী সন্ত্রাসীরা। তবে প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসন ফিরে আসতে পারবে না এবং জনগণের ওপর দমন-নিপীড়ন চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক এজেন্ডা ভিন্ন হতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। প্রধান উপদেষ্টা সবাইকে ধারণ করার যে মানসিকতা দেখিয়েছেন, তা অত্যন্ত ইতিবাচক।”
এনসিপি সদস্য সচিব মনে করেন, এই সফর বিশ্বকে দেখিয়েছে রাজনৈতিক সহাবস্থান সম্ভব। ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে। তার মতে, রাজনৈতিক আলাপের বাইরে গিয়েও নেতাদের এক হওয়ার অন্যতম উদাহরণ তৈরি হয়েছে এবারের সফরে।