শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

favicon
অনলাইন সংস্করণ
গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও নির্বাচনের মাধ্যমে উত্তরণের প্রক্রিয়ায় সারা বিশ্বের সমর্থন রয়েছে।


গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমাদের এখন একটাই লক্ষ্য, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। গণতন্ত্র উত্তরণের এই প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থন স্পষ্ট।”


জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। যারা এসেছেন, তাদের সঙ্গে কথা বলাটা স্বাভাবিক বিষয়।”


জাতিসংঘের সাধারণ পরিষদ সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তারা প্রতিনিধি হিসেবে যোগ দেন এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ভাষায়, “আমাদের এই সফর সফল হয়েছে। বাংলাদেশের কথা বিশ্বে পৌঁছে গেছে। এটা শুধু দেশের জন্য নয়, গণতন্ত্রের জন্যও ইতিবাচক।”


নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পর হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এগুলো আওয়ামী লীগের কালচার। আমরা এগুলোকে বড় করে দেখি না।”


উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যান। তাঁর সফরসঙ্গী ছিলেন মির্জা ফখরুলসহ কয়েকটি দলের নেতারা। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরেন, আর বিএনপি মহাসচিব ফিরলেন একদিন পর দলীয় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে।