জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, নির্বাচনে তাদের ভূমিকা প্রকাশের দাবি বিএনপি নেতা সালাহউদ্দিনের
জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল— সেই প্রশ্ন তুলে বিষয়টি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর’সহ বিভিন্ন দাবিতে জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চার অংশ। তবে জনগণই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, তারা কাদের ইশতেহার গ্রহণ করবে।
তিনি অভিযোগ করেন, পিআর ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। যারা এসব ইস্যুতে আন্দোলন করছে, তারাই নির্বাচন বিলম্বিত বা বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। জনগণকে বিভ্রান্ত করার জন্য আন্দোলন করা সঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এসময়, গাজা অভিমুখী নৌবহরে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ জাতিসংঘকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।