অপ্রকাশ্য রাজনীতি বিরাজনীতিকরণ ডেকে আনবে: রাশেদ খান
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিচ্ছে। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হোক। তাই সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। কিন্তু বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি হয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন নয়। তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না—এমন শর্ত দেওয়া যুক্তিযুক্ত নয়। কারণ, সনদের পূর্ণ বাস্তবায়ন এই সরকারের পক্ষে সম্ভব নয়, এটি আগামী সরকারের দায়িত্ব হওয়া উচিত।
তিনি অভিযোগ করেন, সংস্কার ও বিচারের নামে জনগণকে শুধু “ট্যাবলেট খাওয়ানো” হচ্ছে। সরকারের ভুল সিদ্ধান্তের দায় জনগণের ওপর চাপানো যাবে না। এ দায়ভার সরকারকেই নিতে হবে। পাশাপাশি, যেসব উপদেষ্টা এবং তৎকালীন বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটি এ প্রক্রিয়ায় জড়িত ছিলেন, ভুলের দায়ভার তাদেরও নিতে হবে।