মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতমানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আলমগীরের জেরা আজও চলবে

মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আলমগীরের জেরা আজও চলবে

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আলমগীরের জেরা আজও চলবে

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ (বুধবার, ৮ অক্টোবর) তৃতীয় দিনের মতো জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।


আজকের এই জেরা অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে।


এর আগে গতকাল (৭ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করেন আইনজীবী আমির হোসেন। তিনি সাক্ষীর দেওয়া বক্তব্যের বেশ কয়েকটি অংশ চ্যালেঞ্জ করেন এবং তার মক্কেলদের পক্ষে নানা প্রশ্ন তুলে ধরেন।


জুলাই আন্দোলনের সময় আইন-শৃঙ্খলা বাহিনী ‘বাধ্য হয়েই গুলি চালিয়েছিল’— এমন বক্তব্যেরও বিরোধিতা করেন তিনি। সারাদিন জেরা চললেও তা শেষ না হওয়ায় আদালত আজ পর্যন্ত শুনানি মুলতবি রাখে।


প্রসিকিউশনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান, তারেক আবদুল্লাহ ও মামুনুর রশীদ।


উল্লেখ্য, গত ৬ অক্টোবর এই মামলায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শুরু হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর তিনি শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তিনি মামলার রাষ্ট্রপক্ষের ৫৪তম ও সর্বশেষ সাক্ষী।


জবানবন্দিতে আলমগীর জানান, গত বছরের জুলাই মাসে আন্দোলন চলাকালে ৪১টি জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড এবং ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছিল বলে তার তদন্তে উঠে এসেছে।