আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে র্যাংকিং উন্নতির লড়াইয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এবার ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
বর্তমানে র্যাংকিংয়ে ৭ নম্বরে আছে আফগানিস্তান, ফলে তারা তুলনামূলক নিরাপদ অবস্থানে। তবে ১০ নম্বরে থাকা বাংলাদেশ দলের জন্য এটি এক বড় সুযোগ—রেটিং পয়েন্ট বাড়িয়ে বিশ্বকাপের সরাসরি খেলার পথে অগ্রগতি অর্জনের।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। আয়োজক দক্ষিণ আফ্রিকার পাশাপাশি র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। তাই বাছাই পর্ব এড়াতে হলে ৯ নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭, আর ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আজ আবুধাবিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে হারাতে পারলে মেহেদী হাসান মিরাজের দল পাবে ৫ রেটিং পয়েন্ট—যা তাদের ৮২ পয়েন্টে উন্নীত করে ৮ নম্বরে তুলবে।
যদি সিরিজটি ২–১ ব্যবধানে জেতে বাংলাদেশ, তবে বাড়বে ২ পয়েন্ট, অর্থাৎ মোট পয়েন্ট হবে ৭৯। সেক্ষেত্রে দলটি ১০ নম্বর অবস্থানেই থাকবে। তবে সিরিজ শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি সিরিজ থাকায়, এই সিরিজে ভালো ফল পেলে পরের চ্যালেঞ্জে কিছুটা চাপমুক্ত থাকবে লাল–সবুজের দল।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে বাংলাদেশ। দুই দলের মুখোমুখি ১৯ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ১১টিতে, আফগানিস্তান জিতেছে ৮টিতে। সর্বশেষ সিরিজেও সংযুক্ত আরব আমিরাত থেকে ট্রফি নিয়ে ফিরেছিল বাংলাদেশ।
তবে তিন মাস পর ওয়ানডে খেলতে নামছে মিরাজরা। তা সত্ত্বেও টি-টোয়েন্টি সিরিজ শেষে দলের ব্যাটার জাকের আলী জানিয়েছেন, “ফরম্যাট নিয়ে ভাবছি না, আমরা নিজেদের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছি।