রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমখেলাআফগানদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশি ক্রিকেটাররা

আফগানদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশি ক্রিকেটাররা

favicon
অনলাইন সংস্করণ
আফগানদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশি ক্রিকেটাররা

আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার পর বোলার ও ব্যাটারদের র‌্যাংকিংয়ে একাধিক পরিবর্তন এসেছে।


সিরিজজুড়ে ৫ উইকেট নিয়ে সেরা পারফরমার হওয়া নাসুম আহমেদ এগিয়েছেন ৮৭ ধাপ, যা তার ক্যারিয়ারের সেরা উন্নতি। বর্তমানে বোলারদের তালিকায় তিনি রয়েছেন ৪৪তম স্থানে। একই বিভাগে শরীফুল ইসলাম এগিয়েছেন ২১ ধাপ, তানজিম হাসান সাকিব এগিয়েছেন ৯ ধাপ। বর্তমানে শরীফুল ৪৯তম স্থানে এবং তানজিম ৩৩তম স্থানে অবস্থান করছেন। বাংলাদেশের মধ্যে শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান, যার অবস্থান ১২তম। বোলারদের শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী, আর দ্বিতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান।


ব্যাটারদের তালিকাতেও এসেছে বড় পরিবর্তন। আফগানদের বিপক্ষে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া সাইফ হাসান এগিয়েছেন ১৭ ধাপ, এবং প্রথমবারের মতো শীর্ষ বিশে জায়গা পেয়েছেন তিনি—তার বর্তমান অবস্থান ১৮ নম্বরে। এ তালিকায় বাংলাদেশের মধ্যে সাইফই এখন শীর্ষে।


এছাড়া তানজিদ হাসান তামিম ৬ ধাপ, পারভেজ হোসেন ইমন ১৮ ধাপ এবং শামীম হোসেন ৮ ধাপ এগিয়েছেন। বর্তমানে তানজিদ ৩৭তম, ইমন ৫৩তম এবং শামীম ৯১তম স্থানে রয়েছেন।


ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের সাইম আয়ুব।