বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › জুরাইনে রিকশা চালকের পাশে দাঁড়ানোয় ইসলামী যুব নেতার ওপর হামলা

জুরাইনে রিকশা চালকের পাশে দাঁড়ানোয় ইসলামী যুব নেতার ওপর হামলা

favicon
অনলাইন সংস্করণ
জুরাইনে রিকশা চালকের পাশে দাঁড়ানোয় ইসলামী যুব নেতার ওপর হামলা

রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপির পরিচয়ধারী একদল বখাটে রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে। রিকশা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে মারধর শুরু করে। এসময় প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর হামলা চালায় ওই সন্ত্রাসীরা।


হামলায় তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।


বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।


বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, “২৪ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এখনই তাদের রুখে না দিলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে তারা।”


মাওলানা মাদানী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ঘটনায় জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অংশ।”


তিনি আরও বলেন, “বাংলার মানুষ আগামী নির্বাচনে এই সন্ত্রাসের জবাব ব্যালটের মাধ্যমে দেবে ইনশাল্লাহ।”