বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › জুলাই অভ্যুত্থানের মানসিক ক্ষত সারাতে সচেতনতা ও সহমর্মিতা অপরিহার্য — বিশিষ্টজনদের আহ্বান

জুলাই অভ্যুত্থানের মানসিক ক্ষত সারাতে সচেতনতা ও সহমর্মিতা অপরিহার্য — বিশিষ্টজনদের আহ্বান

favicon
অনলাইন সংস্করণ
জুলাই অভ্যুত্থানের মানসিক ক্ষত সারাতে সচেতনতা ও সহমর্মিতা অপরিহার্য — বিশিষ্টজনদের আহ্বান

বিশিষ্টজনেরা মনে করেন, জুলাই অভ্যুত্থানের পর সৃষ্ট মানসিক ক্ষত সারাতে সমাজে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত জরুরি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা বলেন, ওই অভ্যুত্থানের মানসিক অভিঘাত এখনো অসংখ্য মানুষ বয়ে বেড়াচ্ছেন।


বক্তারা আরও বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা দূর করা এখন সময়ের দাবি। কারণ মানসিক সুস্থতা শুধু ব্যক্তির নয়, বরং পুরো সমাজের স্থিতিশীলতা ও অগ্রগতির সঙ্গে গভীরভাবে যুক্ত।


শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ) যৌথভাবে আয়োজিত এই মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বিপিএ’র সহসভাপতি ফারুকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচআরডিসি মহাসচিব মাহবুল হক।


সমাবেশে বক্তব্য দেন বিপিএ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস, বিপিএ’র সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহমুদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ. এম. সাইদ, অধ্যাপক আমিনুল ইসলাম এবং মনোবিজ্ঞানী রওশন আরা জামান প্রমুখ।


মূল বক্তব্যে এইচআরডিসি মহাসচিব মাহবুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের বেঁচে থাকা ব্যক্তিদের আত্মহত্যা ও মানসিক সংকট আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এটি প্রমাণ করে, মানসিক স্বাস্থ্য নিয়ে নীরবতা ভাঙা, সহায়তা নেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে সেবা নিশ্চিত করা এখন অপরিহার্য। তিনি বলেন, ভুক্তভোগীদের জন্য একটি সহমর্মিতাপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও মানসিকভাবে দৃঢ় বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


সমাবেশে জানানো হয়, এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য— ‘সংকট ও দুর্যোগে মানসিক স্বাস্থ্যসেবার প্রাপ্যতা।’ বক্তারা জানান, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে মানসিক ট্রমা, বিষণ্নতা ও উদ্বেগ এক নীরব মহামারিতে পরিণত হয়েছে। এ প্রেক্ষাপটে দিবসটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দিবসটি উপলক্ষে রাজধানী ছাড়াও সাভার, রাজশাহী, চট্টগ্রাম ও মেহেরপুরে কমিউনিটি-নেতৃত্বাধীন সচেতনতামূলক আলোচনা, মানববন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়।