বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতি‘শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে নয়’ — ইসির সঙ্গে দ্বন্দ্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

‘শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে নয়’ — ইসির সঙ্গে দ্বন্দ্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

favicon
অনলাইন সংস্করণ
‘শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে নয়’ — ইসির সঙ্গে দ্বন্দ্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের দ্বারপ্রান্তে থাকা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন প্রতীক ইস্যুতে কমিশনের সঙ্গে মতবিরোধে জড়িয়েছে। দলটির দাবি, নিবন্ধন পেলেও ‘শাপলা’ প্রতীক না পেলে তারা নির্বাচনে অংশ নেবে না।


ইসির সূত্রে জানা গেছে, নিবন্ধনের আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে। প্রতীক চূড়ান্ত হলেই এনসিপিকে নিবন্ধন সনদ দেওয়া হবে। তবে গেজেটে থাকা ৫০টি প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় কমিশন এনসিপিকে তালিকাভুক্ত প্রতীক থেকে বেছে নিতে বলেছে। কিন্তু দলটি শাপলা প্রতীকেই অনড় অবস্থানে রয়েছে এবং এরই মধ্যে তারা প্রতীকের ৭টি ভিন্ন নমুনা ইসিতে জমা দিয়েছে।


এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,

“ইসি আমাদের জানিয়েছিল ১৫০টি প্রতীকের তালিকায় শাপলা থাকবে। আমরা তখন থেকেই শাপলাকে নিজেদের প্রতীক হিসেবে চাই। জুলাই পদযাত্রায় সারাদেশের মানুষ শাপলা হাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এই প্রতীকের সঙ্গে আমাদের আবেগ ও সম্পর্ক তৈরি হয়েছে, তাই এর বিকল্প নেই।”


দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন,

“জাতীয় প্রতীকে শাপলা, ধানের শীষ, পাটপাতা, তারকা—সবই রয়েছে। যেহেতু এর অন্যান্য অংশ বিভিন্ন দল ব্যবহার করছে, শাপলাকে প্রতীক হিসেবে দেওয়ারও কোনো বাধা নেই।”


অন্যদিকে নির্বাচন কমিশন এখনো শাপলা প্রতীক বরাদ্দের পক্ষে নয়। তবে কমিশন এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।


নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন,

“তালিকার বাইরে নতুন প্রতীক দেওয়ার আইনি বাধা নেই। চাইলে ইসি খুব সহজেই বিধিমালায় ছোট্ট সংশোধন এনে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে পারে। বিষয়টি সম্পূর্ণ তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”


এনসিপির নেতারা অভিযোগ করছেন, ইসির সদিচ্ছার অভাব ও রাজনৈতিক প্রভাবের কারণেই তাদের প্রতীক অনুমোদন আটকে আছে।

আখতার হোসেন বলেন,

“শাপলা না দেওয়া কমিশনের রাজনৈতিক পক্ষপাতের ইঙ্গিত দেয়। এতে যদি নির্বাচনকেন্দ্রিক অচলাবস্থা তৈরি হয়, তার দায় ইসিকেই নিতে হবে।”


সারোয়ার তুষার আরও বলেন,

“ইসি ইচ্ছাকৃতভাবে আমাদের ভোগান্তিতে ফেলছে। এতে মনে হচ্ছে, তারা চায় না আমরা নির্বাচনে অংশ নেই। তবুও আমরা লড়বো—তবে শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাব না।”


দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, ইসির এমন অবস্থান ভবিষ্যৎ নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে।