সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিতফসিলের আগেই মাঠে বিএনপি: ঘরে ঘরে গণসংযোগ ও সেবামূলক কর্মসূচি শুরু

তফসিলের আগেই মাঠে বিএনপি: ঘরে ঘরে গণসংযোগ ও সেবামূলক কর্মসূচি শুরু

favicon
অনলাইন সংস্করণ
তফসিলের আগেই মাঠে বিএনপি: ঘরে ঘরে গণসংযোগ ও সেবামূলক কর্মসূচি শুরু

তফসিল ঘোষণার এখনও দেড় মাস বাকি থাকলেও আগেভাগেই নির্বাচনী মাঠে নেমেছে বিএনপি। ধীরে ধীরে জোরদার হচ্ছে তাদের গণসংযোগ ও সেবামূলক কার্যক্রম। নারী কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ভোটারদের ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছেন, আর পুরুষ সদস্যরা যুক্ত হচ্ছেন স্থানীয় সেবামূলক কাজে।


দলের নেতারা মনে করেন, এসব উদ্যোগ জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে বিএনপির উপস্থিতি আরও দৃঢ় করবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশে আরও ব্যাপকভাবে ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে।


রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ইতোমধ্যে সক্রিয়ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করছেন। যদিও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবুও প্রতিপক্ষ জামায়াতের আগাম প্রচারণার জবাব হিসেবেই বিএনপির এই উদ্যোগ বলে জানিয়েছেন দলীয় নেতারা।


এদিকে, পুরুষ সদস্যদের যুক্ত করা হয়েছে সেবামূলক কর্মকাণ্ডে। উত্তরার ১৫ নম্বর সেক্টরে তিন কিলোমিটার দীর্ঘ নর্দমা সদৃশ খাল পরিষ্কার করে স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানে স্থানীয় নেতাকর্মীরা অবৈধ দখলমুক্ত করে খালটিকে ওয়াকওয়ে ব্যবহারের উপযোগী করে তোলেন।


বিএনপি সূত্রে জানা গেছে, অতীতের ভাবমূর্তি সংকট কাটিয়ে নতুন করে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই সেবামূলক কর্মসূচি জোরদার করা হচ্ছে।


দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “চলতি মাস থেকেই সারাদেশে জনসংযোগ ও নির্বাচনমুখী কার্যক্রম বড় পরিসরে শুরু হবে। প্রতিদ্বন্দ্বী পক্ষের কৌশল বিবেচনায়ও আমরা কর্মপদ্ধতি নির্ধারণ করব।”


দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এরপর দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ফলে তফসিল ঘোষণার আগেই সারাদেশে ধানের শীষের পক্ষে জনমত গঠনে ব্যস্ত সময় পার করছে বিএনপি।