শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল দাবি ট্রাম্প প্রশাসনের, সহায়তা বাড়ানোর আশ্বাস অংশীদার দেশগুলোর

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল দাবি ট্রাম্প প্রশাসনের, সহায়তা বাড়ানোর আশ্বাস অংশীদার দেশগুলোর

favicon
অনলাইন সংস্করণ
রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল দাবি ট্রাম্প প্রশাসনের, সহায়তা বাড়ানোর আশ্বাস অংশীদার দেশগুলোর

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল গঠনের দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তারা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় অংশীদার দেশগুলো থেকে উল্লেখযোগ্য আর্থিক প্রতিশ্রুতি পেয়েছে।


তবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সহায়তা কমানোর কারণে রোহিঙ্গা সংকট আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ। তাদের হাতে পাওয়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ৬৪.৬ মিলিয়ন ডলারের সহায়তা প্রতিশ্রুতি মিলেছে অংশীদার দেশগুলোর কাছ থেকে।


মন্ত্রণালয় এই পদক্ষেপকে “বিশ্বজুড়ে মানবিক সংকটে দায়িত্ব ভাগ করে নেওয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি” বলে উল্লেখ করেছে।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান, কাতার, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসসহ ১১টি দেশ ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের অধীনে রোহিঙ্গাদের জন্য সহায়তা ১০ শতাংশের বেশি বৃদ্ধি করেছে, যা বাইডেন প্রশাসনের শেষ বছরের তুলনায় বেশি।


তবে এই সহায়তা বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসনের প্রভাব কতটা ছিল তা এখনো পরিষ্কার নয়। ট্রাম্প প্রশাসন নিজেও রোহিঙ্গাদের জন্য নতুন করে ৬০ মিলিয়ন ডলার সহায়তা যোগ করার ঘোষণা দিয়েছে, যা মার্চে ঘোষিত ৭৩ মিলিয়নের অতিরিক্ত।


তুলনামূলকভাবে, বাইডেন প্রশাসনের শেষ বছর ২০২৪ সালে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দেয়, যা সে সময়ের মোট আন্তর্জাতিক সহায়তার অর্ধেকের বেশি ছিল।


একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন সবসময় অন্যান্য দেশকে আহ্বান জানিয়েছে যাতে তারা রোহিঙ্গা শরণার্থীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়। তিনি বলেন, “মিডিয়ায় যেভাবে বলা হচ্ছে যে এটি কেবল ট্রাম্প প্রশাসনের দায়—তা বিভ্রান্তিকর। বাস্তবে অনেক দেশ, বিশেষ করে আঞ্চলিক অংশীদাররা, এই দায়িত্ব নিতে অনাগ্রহ দেখিয়েছে।”


এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে এমন সময়, যখন এপি নিউজ দাবি করেছে, মিয়ানমারের একটি রোহিঙ্গা শিবিরে মার্কিন সহায়তা কমানোর কারণে শিশুদের মৃত্যু ঘটেছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, “এপি’র দাবি সম্পূর্ণ ভুল, বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন।”


সূত্র: এবিসি নিউজ