খালে গোসল করতে নেমে তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায়
মাগুরার মহম্মদপুর উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো— চাপাতলা গ্রামের মোহাম্মদ আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহমান জানান, দুপুরে তিন শিশু বাড়ির পাশের খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায় এবং নিখোঁজ হয়।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে খালের পানিতে খোঁজাখুঁজি শুরু করে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় চাপাতলা গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।